• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে বিমানের জরুরি অবতরণ

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ‘পাখির সঙ্গে ধাক্কা’ লাগায় জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরেই জরুরি অবতরণ করে।
বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এর পরপরই ‘বার্ড হিট’ এর কারণে আবার শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পরে এক বিবৃতিতে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, ‘টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট হয়েছে। পরে পাইলট গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।’
তিনি আরও বলেন, উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করে কিছুক্ষণ পর আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রীদের কারও কোনো সমস্যা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন, বিমানের উড়োজাহাজটি জরুরি অবতরণ করার সময় নিয়ম অনুযায়ী রানওয়ে খালি করে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত রাখা হয়। ওই সময় ঘণ্টা দেড়েক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকে। তবে এ খবর সঠিক নয় বলেই দাবি করেছেন বিমানের জনসংযোগ শাখার জিএম।