• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই সনদ নিয়ে ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সাংঘর্ষিক: গোলাম পরওয়ার

bijoy71news
প্রকাশিত মার্চ ১০, ২০২৬
জুলাই সনদ নিয়ে ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সাংঘর্ষিক: গোলাম পরওয়ার

জুলাই সনদ নিয়ে ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর যে সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের কিছু অবস্থান সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।

সোমবার বিকেলে খুলনা মহানগরীর একটি হোটেলে জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংবিধানকে টেনে আনা হচ্ছে। তাই যদি হয়, তাহলে এই নির্বাচন কি সংবিধান…. (!)। জুলাই সনদ নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে।

জামায়াত সেক্রেটারি জেনারেল অবশ্য সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁর দল সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে এবং অন্যায় দেখলে সংসদ ও রাজপথ—দুই জায়গায়ই প্রতিবাদ জানাবে বলে উল্লেখ করেন।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাস্টার শফিকুল আলম।

উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, হিন্দু মহাজোটের খুলনা জেলা সভাপতি কৃষ্ণ নন্দী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।