• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণ, সাংবাদিক কারাগারে

bijoy71news
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণ, সাংবাদিক কারাগারে

কিশোরগঞ্জে নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসদাচরণের অভিযোগে আলি জামশেদ (৫০) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

আলি জামশেদ উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি দৈনিক কালবেলা পত্রিকার নিকলী ও নয়াদিগন্ত পত্রিকার বাজিতপুরের প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে হাসপাতাল মোড়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছিল।

ওই সময় আলি জামশেদ মোটরসাইকেল দিয়ে যাচ্ছিলেন। আদালত তাঁর মোটরসাইকেল থামিয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

এ সময় তিনি আদালতের অভিযোগ অস্বীকার করেন এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও দুর্ব্যবহার করেন। তিনি মোটরসাইকেলটি তাঁর নিজের নয় বলে দাবি করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উল্টো ম্যাজিস্ট্রেটকে অপরাধী বলছেন ওই সাংবাদিক এবং তিনি সাংবাদিক হিসেবে ম্যাজিস্ট্রেটের আনুষ্ঠানিক বক্তব্য চাইছেন।

তখন ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, ‘বক্তব্য নিলে আমার অফিসে যাবেন। তার আগে আপনার গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখান।’

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল দাঁড় করানো হয়। চালক আলি জামশেদের কাছে ড্রাইভিং লাইসেন্স চাইলে তিনি তা দেখাতে পারেননি এবং আমার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তিনি তাঁর এলাকার লোকজন এনে হুমকিধমকি দিতে থাকেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ঘটনাটি যেহেতু আমার সঙ্গে হয়েছে। তা ছাড়া তিনি অপরাধ স্বীকার করেননি। তাই আমি তাঁকে কোনো শাস্তি না দিয়ে আটক করার নির্দেশ দিই। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা, ম্যাজিস্ট্রেটের সঙ্গে খারাপ ব্যবহারসহ কিছু অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।’

এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে আলি জামশেদকে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের কাছে হস্তান্তর করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’