সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাণীগাজি গ্রামে ঘরের সামনে সিড়ি নির্মাণকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে নিরিহ এক পরিবারের বাবা, মা ও মেয়েসহ ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আহতরা হলেন— মোঃ আমির উদ্দিন (৫৩), তার স্ত্রী সপনা বেগম (৪৩) এবং মেয়ে মাইশা আক্তার (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সামনে সিড়ি নির্মাণ নিয়ে চাচা ও চাচাত ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষ একই গ্রামের মৃত আরব আলীর পুত্র সেলিম উদ্দিন গং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে তিনজনকে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই ৯৯৯ এ ফোন করা হলে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আমির উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ ঘটনায় ৩/৪/২৬ তারিখে আহত আমির উদ্দিনের মেয়ে ১৪ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ জানায়, `খবর পেয়ে ঘটনার দিনই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।