বি৭১নি ডেস্ক :
পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই মুহূর্তে চাল রপ্তানি করা খুব ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বানানী অফিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘দেশে যে পরিমাণ উদ্বৃত্ত চাল থাকুক না কেন, এ মুহূর্তে চাল এক্সপোর্ট করা হবে খুব স্পর্শকাতর সিদ্ধান্ত হবে। যেকোনো বড় দুর্ঘটনার সময় দেশকে হয়তো এ জন্য বড় মাশুল দিতে হতে পারে। আমরা বলছি না, চাল রপ্তানি বন্ধ করা উচিৎ। কৃষি, কৃষক ও খাদ্য মজুদের কথা চিন্তা করে আরও পরীক্ষা-নিরীক্ষার দরকার ছিল। আমি বলব, এ মুহূর্তে খাদ্য শস্য রপ্তানি হবে খুবই ঝুঁকিপূর্ণ।’
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার বিদেশে চাল রপ্তানি করতে বিবেচনা করছে। আমরা মনে করি, চাল রপ্তানির পূর্বে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কারণ, কোনো বিশেষ পরিস্থিতিতে চাল বা খাদ্যদ্রব্য প্রয়োজন হলে দ্রুততার সাথে আমদানি করা সম্ভব নয়। এতে ভয়াবহ খাদ্য সংকটের ঝুঁকি সৃষ্টি হয়।
কাদের বলেন, মিল মালিক নয়, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উৎপাদিত উদ্বৃত্ত ধান নির্ধারিত ন্যায্য মূল্যে কিনতে হবে। প্রয়োজনে বেসরকারি মালিকানাধীন গুদামগুলো সরকারি নিয়ন্ত্রণে নিয়ে জরুরি ভিত্তিতে ধান সংরক্ষণের উপযুক্ত করে ধান সংরক্ষণ করতে হবে।
জি এম কাদের বলেন, প্রতি মণ ধান উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ৯০৬ টাকা ৫০ পয়সা। কিন্তু বাজারে প্রতি মণ ধানের দাম ৫০০ থেকে সাড়ে ৫৫০ টাকা। আবার ধান কাটতে একজন কৃষি শ্রমিককে তিন বেলা খাবারসহ মজুরি বাবদ খরচ পড়েছে ৬০০ থেকে ১ হাজার টাকা। এতে কৃষকরা মাঠের ধান কাটতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।
এমন অবস্থায় সরকারকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে তা যথাযথ সংরক্ষণের আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার, এমরান হোসেন মিয়া, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম জহির, হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সাজ্জাদ পারভেজ চৌধুরী, রেজাউল রাজী চৌধুরী স্বপন, সোলায়মান সামী, দ্বীন ইসলাম শেখ, জাকির হোসেন মৃধা, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।