বি৭১নি ডেস্ক :
দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার দুপুরে তিনি ফ্লাইট ধরতে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাদেরের সফরসঙ্গী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
এর আগে ওবায়দুল কাদেরের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সব আনুষ্ঠানিকতা শেষ। ফ্লাইট কনফার্ম হয়েছে। বুধবার ৩টা ৫০ মিনিটে ওবায়দুল কাদের সিঙ্গাপুর ছাড়বেন। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে।
পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ওই রাতেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে ওবায়দুল কাদেরের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
গত ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি করেন মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। পরে ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান ওবায়দুল কাদের।