• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জুন থেকে ভারতে দেখা যাবে বিটিভি

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ভারতে আগামী জুন মাস থেকে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখা যাবে। একইভাবে বাংলাদেশ থেকে দেখা যাবে ভারতের দূরদর্শন চ্যানেল। দূরদর্শন ফ্রি ডিশের মাধ্যমে প্রতিবেশি দুই দেশের দর্শকরা চ্যানেল দুটি দেখার সুযোগ পাবেন।
গতকাল মঙ্গলবার দিল্লিতে দেশের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অমিত খেরের সঙ্গে এক বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী।
ওই বৈঠকে ড. গওহর রিজভী ছাড়াও বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল হাজির ছিলেন। তা ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার শ্যাম বেনেগল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্রের চিত্রনাট্যকার অতুল তিওয়াড়ি।
ওই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে আলোচনা হয়। ফলে চিত্রনাট্যের জন্য প্রয়োজনীয় গবেষণার কাজে অতুল তিওয়াড়ি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন। তাকে এই চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধিদল পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে৷
তা ছাড়া বাংলাদেশ-ভারত যৌথ সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তথ্যচিত্র নির্মাণের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে শক্তিশালী কমিউনিটি রেডিও নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়৷