• ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খামেনির হুঁশিয়ারি

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬
খামেনির হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে সংঘাতের রূপ নেবে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খামেনি বলেন, “আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং অন্য দেশের ওপর আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় বা হয়রানি করে, তবে কঠোর পাল্টা আঘাত হানা হবে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির সমালোচনা করে বলেছেন, এসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হবে না।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। তেহরান জানিয়েছে, তারা ন্যায়সংগত আলোচনার জন্য প্রস্তুত, তবে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করার শর্তে কোনো আলোচনা হবে না।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরি এবং তিনটি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা ১৯৭৯ সালের ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। সরকারি তথ্য অনুযায়ী, বিক্ষোভে ৩,১১৭ জনের মৃত্যু হয়েছে, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ ৬,৭১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।