• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

নটর-ডেম গির্জা পুনর্নির্মাণ করা হবে : মাখোঁ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসের পুড়ে যাওয়া বিখ্যাত নটর-ডেম গির্জা পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৮৫০ বছরের পুরোনো নটর-ডেম গির্জায় গতকাল সোমবার ভয়াবহ আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। আগুন লাগার প্রায় ৯ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে ব্যাপকভাবে এটির সংস্কার কাজের ফলে আগুনের সূত্রপাত।
মধ্যরাতের একটু আগে ঘটনাস্থলে সাংবাদিকদের প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ‘সবচেয়ে খারাপ পরিণতি এড়ানো গেছে।’
নটর-ডেম গির্জায় আগুন লাগার খবর পেয়ে তিনি পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে ঘটনাস্থলে উপস্থিত হন।
এই গির্জাটি পুনর্নির্মাণের জন্য ফ্রান্স শিগগিরই উদ্যোগ নেবে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘এই উদ্যোগের মধ্যে তহবিল সংগ্রহ ও এই পুনর্নির্মাণ কাজে অংশ নেওয়ার জন্য বিশ্বব্যাপী ‘‘মেধাবীদের’’ প্রতি আহ্বান জানানো হবে।’
মাখোঁ বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে এটি পুনর্নির্মাণ করবো আমরা। এটি নিঃসন্দেহে ফ্রান্সের ভবিষ্যতের অংশ হবে এবং আগামী বছরগুলোতে আমাদের প্রধান প্রকল্প হতে যাচ্ছে।’
নটর-ডেম গির্জাটিকে ফরাসি জাতির ‘প্রাণ’ হিসেবে বর্ণনা করা হয়। গির্জাটি পুড়ে যাওয়ায় পুরো ফ্রান্স মর্মাহত। ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ জন সদস্য রাতে গির্জার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। গতকালের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়েছে।