• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ফের ক্ষমতায় মোদিকেই চান ইমরান

bijoy71news
প্রকাশিত এপ্রিল ১০, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাত পোহালেই ভারতের লোকসভা নির্বাচন। নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় এলে শান্তি আলোচনার ভালো সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খান বলেন, ‘কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র পথ। বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে শান্তির পথ খুলতে পারে। কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যার সমাধানে আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারব। ভারত-পাক আলোচনার পথ খুলবে।’
ইমরান খান বলেন, ‘যদি ভারতের আগামী সরকার কংগ্রেসের নেতৃত্বে গঠিত হয়, তবে কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো নিয়ে আতঙ্ক থেকে যাবে। কারণ তখন উগ্র হিন্দুত্ববাদীদের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসার ভয় থাকবে।’
সাবেক ক্রিকেট কিংবদন্তি বলেন, যদি ডানপন্থী বিজেপি বিজয়ী হয়, তবে কাশ্মীর নিয়ে কিছুটা সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
এদিকে মোদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেন।তিনি বলেন, ‘ভারতে এই মুহূর্তে যেটা চলছে তা মেনে নেওয়া যায় না। ভারতে বসবাসকারী মুসলিমরা এতোদিন পর্যন্ত সেখানে শান্তিতে বসবাস করত। কিন্তু এখন পরিস্থিতি পুরো আলাদা। ভারতে মুসলিম বিরোধী হাওয়া চলছে। উগ্র হিন্দুত্ববাদ সমস্যা বিগড়ে দিচ্ছে। এখন ভারতে বসবাসকারী মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে। একইরকম বিদ্বেষমূলক আবহাওয়া রয়েছে ইসরায়েলে। এটা কিন্তু মনুষ্যত্বের জন্য খুব খারাপ বিজ্ঞাপন।’