• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইরানে আত্মঘাতী বোমা, ২৭ রেভলিউশনারি গার্ড নিহত

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন। বুধবারের এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
রেভলিউশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সদস্যরা বাসে করে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করে।
বিবিসি জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে।
জইশ আল আদলের দাবি, তারা ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম করছে।
রেভলিউশনারি গার্ডের সিস্তান-বেলুচিস্তান শাখা জানিয়েছে, তাদের স্থল বাহিনীর একটি ইউনিট বাসে পাকিস্তান সীমান্ত এলাকা থেকে ফেরার পথে কাশ-জাহেদান সড়কে তাদের বাসের পাশে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে হামলার জন্য ‘তাকফিরি’ সন্ত্রাসী ও আধিপত্যবাদী শক্তিগুলোর গোয়েন্দা সংস্থাগুলির ভাড়াটে সেনাদের দায় দেওয়া হয়েছে। সুন্নি চরমপন্থীদের বর্ণনা করতে ‘তাকফিরি’ শব্দটি ব্যবহার করা হয়। ওই চরমপন্থীরা অন্য মুসলিম গোষ্ঠীগুলোকে ‘অবিশ্বাসী’ হিসেবে বিবেচনা করে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় রেভলিউশনারি গার্ডের ১২ সদস্যসহ ২৪ জন নিহত হয়েছিল।