• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নাইকির জুতার নিচে লেখা ‘আল্লাহ’

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ক্রীড়া সামগ্রীর বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ‘নাইকি’র ‘এয়ার ম্যাক্স স্নিকার’ ব্রান্ডের জুতার নিচে (সোল) আল্লাহ লেখা থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে মুসলিমদের কঠোর ক্ষোভের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। কারণ হিসেবে তারা বলছেন, এ কোম্পানির এয়ার ম্যাক্স ব্রান্ডের জুতার নিচে (সোল) যে লেখাটি রয়েছে তা আরবিতে হুবহু ‘আল্লাহ’র মতো। ওই লেখার কারণে তা বিক্রি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ব্রিটেনের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।
মুসলিমরা বলেছেন, এই লেখার মাধ্যমে ইসলামকে অবমাননা করা হয়েছে। ইন্দোনেশিয়ার একজন মুসলিম ক্রেতা সাইগা নরিন প্রথমে বিষয়টি টের পান। তিনি ওই জুতা কিনতে গিয়ে দেখতে পান তার তলায় আরবি ‘আল্লাহ’ শব্দটি পরিষ্কার লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি অনলাইনে পিটিশন করেন। তাতে ওই কোম্পানিকে বিশ্ব বাজার থেকে এই জুতা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানান।
এমন লেখার মাধ্যমে নাইকি ইসলামের বিরুদ্ধে অসম্মান দেখাচ্ছে বলে তিনি পিটিশনে দাবি করেন। তিনি লিখেছেন, জুতায় আল্লাহর নাম লেখা রয়েছে। এটা প্রচণ্ড ক্ষোভের বিষয়। নাইকি যে এভাবে আল্লাহর নাম ব্যবহার করতে দিয়েছে, বিষয়টি আতঙ্কজনক। এটা মুসলিমদের প্রতি চরম অসম্মান ও আক্রমণাত্মক। এ ছাড়া এর মাধ্যমে ইসলামের অবমাননা করা হয়েছে।
নরিন আরো লিখেছেন, নাইকি বাজারে ছেড়েছে নাইকি এয়ার ম্যাক্স ২৭০ জুতা। এতে যে সোল ব্যবহার করা হয়েছে সেখানে তারা লোগো ব্যবহার করেছে, যা একেবারে আরবি আল্লাহ শব্দটির সঙ্গে মিলে যায়। যা অবশ্যই পদদলিত হবে, লাথি দেয়া হবে, কর্দমাক্ত হবে এমন কি বিশ্বাসে আঘাত করা হবে। তার সঙ্গে একমত হতে সব মুসলিমের প্রতি আহ্বান জানিয়ে তিনি ওই পিটিশনে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩০০০ মানুষ তাতে সই করেছেন। নরিনের টার্গেট ১৫০০০ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা।
তাকে সমর্থন করেন এমন অনেকে টুইটারে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, নাইকি ইচ্ছা করে ধর্ম অবমাননা করার জন্য এ রকম পণ্য তৈরি করেছে।
তবে মুসলিম সম্প্রদায়কে আহত করার উদ্দেশে এমন লোগো ব্যবহার করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে নাইকি। তারা বলেছে, এটা নাইকি এয়ার ম্যাক্সের ট্রেডমার্ক। স্টাইল করে ওইভাবে লেখা হয়েছে। এতে কোনো ধর্মীয় বিষয় নেই।