
বি৭১নি ডেস্ক :
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার গুইদো নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরই যুক্তরাষ্ট্র থেকে সমর্থন পান।
এছাড়া কানাডাসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকেও সমর্থন পেয়েছেন ৩৫ বছর বয়সী গুইদো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াইদো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর একে একে কানাডা, ব্রাজিল ও কলম্বিয়াসহ লাতিন আমেরিকার ডানপন্থী সরকারগুলোও তাকে অনুসরণ করে।
বুধবার রাজধানী কারাকাসে লাখ লাখ লোকের উপস্থিতিতে এক সমাবেশে গুইদো অভিযোগ করেন, ‘মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতা দখল করে আছেন। এই দখলদারিত্ব শেষ করার জন্য আমি রাষ্ট্রপতির সব ক্ষমতা গ্রহণ করার শপথ নিলাম।’ এ সময় তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠন করারও প্রতিশ্রুতি দেন।
এদিকে এ ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মাদুরো। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে ভেনেজুয়েলাকে শাসন করতে চাইছে। অনেক হস্তক্ষেপ হয়েছে আমাদের ওপর, আমাদের মর্যাদা আছে, তাই ওসব গোল্লায় যাক! এই ভূমি রক্ষায় ইচ্ছুক জনগণ এখানে আছে।’
তবে এ ঘোষণার পর ভেনেজুয়েলায় এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছে বিবিসি। দেশটির বিরোধীদল এখন সমান্তরাল সরকার গঠন করতে পারবে, বিদেশি অনেক রাষ্ট্রের কাছে তারা বৈধ সরকার হিসেবে বিবেচিত হলেও রাষ্ট্রীয় কার্যক্রমের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।