• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিজয়ী তারকারা

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিভিন্ন আসন থেকে বিপুল ভোটে জয় পেয়েছেন তিন তারকা। তারা হলেন- অভিনেতা আসাদুজ্জামান নূর (নীলফামারী-২), চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (ঢাকা-১৭) ও কণ্ঠশিল্পী মমতাজ (মানিগঞ্জ-২)।
নীলফামারী-২ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর। নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি ভোট।
অন্যদিকে, এবারই প্রথম নির্বাচনে অংশ নেন ঢাকাইয়া সিনেমার মিয়াভাই খ্যাত অভিনেতা ফারুক। আওয়ামী লীগের প্রার্থী হয়ে এবারের নির্বাচনে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১০টি ভোট। আর ধানের শীষ প্রতীক নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩৮ হাজার ৬৩৯টি ভোট।
ফারুক বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ছিলাম। কারণ আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে আপন করে কাছে টেনে নিয়েছেন। তাদের বিশ্বাস আমি সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। তাছাড়া সারা বাংলাদেশের মানুষ জানে আমি কেমন। আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘মানিকগঞ্জ ২’ আসন থেকে ফের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৮১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান পেয়েছেন ৪৯ হাজার ৩১টি ভোট।
ফোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বলেন, ‘আমাকে আবার সেবা করার সুযোগ দেওয়ায় জন্য এলাকার মানুষদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি আমার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।’