• ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: নাহিদ

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২৬

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল মঙ্গলবার কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না—হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।’

গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।’

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের হত্যাকারীদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। অন্যথায় সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

ইফতার মাহফিলে ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।