বি৭১নি ডেস্ক :
নির্বাচন ঘিরে দেশব্যাপী উৎসবের আমেজ চলছে। ব্যস্ততম শহর হয়ে পড়েছে ফাঁকা। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে প্রাণ সঞ্চার হয়েছে ভোট কেন্দ্রগুলোতে। উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোট দিচ্ছেন। ভোট দিচ্ছেন তারকারাও। এবার জানা যাক তারকা শিল্পীরা কে কোথায় ভোট দিচ্ছেন?
চিত্রনায়ক ফেরদৌস :
সকাল সোয়া ৯টায় ঢাকা ক্যান্টনমেন্টে ভোট দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি ঢাকা ১৭ আসনের ভোটার। ফেরদৌস জানান, খুব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে তিনি ভোট দিয়েছেন।
রিয়াজ :
উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন চিত্রনায়ক রিয়াজ। সকাল সাড়ে ৯টায় তিনি বনানী বিদ্যানিকেতনে ভোট দিয়েছেন। রিয়াজ জানান, শান্তিপূর্ণভাবেই তিনি ভোট দিয়েছেন।
শাকিব খান :
ঢাকা ১৭ আসনের ভোটার চিত্রনায়ক শাকিব খান। এরই মধ্যে গুলশানের একটি ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
অপু বিশ্বাস :
ভোটার হওয়ার পর কখনও ভোটাধিকার বিফলে যেতে দেয়নি চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসও ঢাকা ১৭ আসনের ভোটার। জানা গেছে, তিনি সকালেই গুলশান মডেল হাইস্কুলে ভোট দিয়েছেন।
শাবনূর :
চিত্রনায়িকা শাবনূরের ভোটকেন্দ্র ইস্কাটন গার্ডেন স্কুল। বাড়ির কাছেই তার ভোট কেন্দ্র। আজ দুপুরেই ভোট দেন এই অভিনেত্রী।
ওমর সানী :
চিত্রনায়ক ওমর সানী উত্তরার ভোটার। উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন এই অভিনেতা। ওমর সানী বলেন, ‘ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। সবাই বেশ আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে।
চঞ্চল চৌধুরী :
রাজধানীর শাজাহানপুর এলাকার ভোটার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল ভোট দিয়েছেন মিলিনিয়াম ইউনিভার্সিটি ভোট কেন্দ্রে।
জায়েদ খান :
পিরোজপুর সদরের ১ আসনের ভোটার চিত্রনায়ক জায়েদ খান। ভোট দেওয়ার উদ্দেশ্যে আজ সকালে তিনি পিরোজপুর পৌঁছান। জায়েদ খান বলেন, ‘আজ সকালেই আমি পিরোজপুরে এসেছি। আমার কেন্দ্র পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।’
মাহিয়া মাহি :
উত্তরার ভোটার চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি জানান, তার কেন্দ্র উত্তরা হাই স্কুল এন্ড কলেজ। ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে ভোট দিতে দেরি হয়েছে তার।
নিরব :
কাফরুলের ভোটার মডেল-অভিনেতা নিরব। তার ভোটকেন্দ্র বিজয় ইন্টারন্যাশনাল স্কুল। দুপুরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান এই অভিনেতা। নিরব বলেন, ‘ঘুম থেকে উঠেই ভোট দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছি। আজ রাস্তাঘাট একেবারে ফাঁকা। ভোট কেন্দ্রে পৌছাতে বেশি সময় লাগেনি।’
বাপ্পী চৌধুরী :
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ ৪ আসনের ভোটার। দুপুরে চাষাড়া আদর্শ স্কুলে তিনি ভোট দেন।
সাইমন সাদিক :
কিশোরগঞ্জ-১ আসনের ভোটার চিত্রনায়ক সাইমন সাদিক। ভোট দেওয়ার জন্য দু’দিন আগেই নিজ এলাকায় গিয়েছেন এই অভিনেতা। সাইমন সাদিক বলেন, ‘আমার ভোট কেন্দ্র শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল থেকে কেন্দ্রে আশপাশেই ছিলাম। দুপুরে নিজের মূলবান ভোটটি দিয়েছি।’
সিয়াম আহমেদ :
সকাল ৯টায় ভোট দিয়েছেন মডেল অভিনেতা সিয়াম আহমেদ। ঢাকা-৮ আসনের মিলিনিয়াম ইউনিভার্সিটি ভোটকেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।