• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ২৮

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২০ জন।
সোমবার বিকালে দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে এই হামলা শুরু হয়।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা প্রতিবন্ধী ও শহীদ পরিবারবিষয়ক জাতীয় কর্তৃপক্ষ ভবনে হামলা চালিয়ে বেসামরিকদের জিম্মি করে এবং আফগান সৈন্যদের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয়।
হামলার সময় শত শত লোক সেখানে আটকা পড়ে এবং অনেকেই জীবন বাঁচাতে ভবন থেকে লাফ দেয়। প্রায় সাত ঘণ্টা ধরে গোলাগুলি চলার পর রাতে ঘটনার অবসান হয় বলে জানিয়েছে আফগানিস্তানের কর্তৃপক্ষ।
কিন্তু হামলাটি কারা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। তবে অতীতে ইসলামিক স্টেট গ্রুপ এবং তালেবানদের হামলার সঙ্গে মিল রয়েছে এই হামলার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন,‘নিহত অন্যদের মধ্যে একজন পুলিশ সদস্য। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন হামলাকারীও নিহত হয়েছে।’
তবে শেষ পর্যন্ত ওই ভবনটি থেকে সাড়ে তিনশরও বেশি লোককে উদ্ধার করা হয় বলে নাজিব দানিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। কিন্তু হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।