• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ভোট চাইলেন তাহসান

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ৫ দিন। শোবিজ অঙ্গনের অনেক তারকা, এরই মধ্যে পছন্দের দলের হয়ে ভোট চাইছেন। সেই তালিকায় এবার যোগ হলেন সঙ্গীতশিল্পী তাহসান। গতকাল রাতে এক ভিডিওবার্তায় নৌকার হয়ে ভোট চাইলেন জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাহসান বলেন, ‘বিনোদন জগত, ক্রীড়াঙ্গন কিংবা ব্যবসাখাত সবক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মানুষগুলো এবার রাজনৈতিক প্রচারণার কাজে নেমে পড়েছেন। কিন্তু আপনারা কী ভাবছেন?
আপনাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে সাধুবাদ জানাচ্ছেন, আর যদি না মিলে যায় তাহলে নেতিবাচক কথা বলছেন, কটূ মন্তব্য করছেন। বলছেন, যে আপন স্বার্থ সিদ্ধির জন্যই এতোসব প্রচারণা। কথাটা একদম ঠিক।
একজন শিল্পী হিসেবে নিজ অবস্থানে থেকে তাহসান আরও বলেন, ‘আমাদের কথাই ভাবুন, আমরা শিল্পীরা আজ থেকে ১০ বছর আগের বাংলাদেশে পাইরেসির কারণে অনেক কঠিন একটা সময় পার করছিলাম। সেই শিল্পীরাই আমরা ১০ পরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণেই ভালো আছি।’
তিনি আরও বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল, পাইরেসি বন্ধের নীতিমালা ও বাস্তবায়নের কারণে দুস্থ শিল্পী হিসেবে প্রতিনিয়ত কিন্তু পত্রিকার শিরোনাম হচ্ছি না। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি। এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে যদি আমরা এই সরকারের ধারাবাহিকতার পক্ষে কথা বলি, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? আমার মনে হয় না।’
কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ-এ কথা উল্লেখ করে তাহসান বলেন, ‘কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশকে উন্নয়নের পথে এগিয়েছে কি-না, সে উত্তর আপনাদের কাছেই আছে। আমি আপনাকে কোন প্রতীকে ভোট দিতে বলবো, তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই বাংলাদেশের পক্ষে।’