• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬
নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন নির্বাচনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে দলীয় অবস্থান জানানোর সময় এমন অভিযোগের কথা জানান তিনি।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে। প্রধান উপদেষ্টা এর প্রতিকার না করলে জামায়াত শক্তিশালী পদক্ষেপ নেবে। ২০০৮ সালের মতো ‘ইমব্যালান্সড ইলেকশন’ (ভারসাম্যহীন নির্বাচন) জামায়াত মেনে নেবে না।

তাহের আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হওয়াসহ বিভিন্ন বিষয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানাচ্ছেন না কয়েকজন উপদেষ্টা।

জামায়াতের এ নেতা বলেন, প্রধান উপদেষ্টাকে সব খবর দেওয়া হয় না। তিনি বিষয়গুলো না জানলে, দেশ একটি বাজে নির্বাচনের দিকে এগোতে থাকলে জামায়াত সেটি মেনে নেবে না।

ইসলামী আন্দোলনের জোট ছেড়ে যাওয়ায় জোটের নির্বাচনে প্রভাব পড়বে কি না—জানতে চাইলে তাহের বলেন, এটি নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এ দেশের ইসলামপন্থীরা ইসলাম বা পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার জন্য মনস্থির করেছেন। দল হিসেবে কোনো দলের ভিন্ন সিদ্ধান্ত হতে পারে, তবে জনগণের সিদ্ধান্ত এর দ্বারা পরিবর্তন হবে না।