• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর: ড. ইউনূস

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৫
আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর: ড. ইউনূস

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।

ড. ইউনূস কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

তিনি উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে।