• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা আরিফুল ইসলাম তালুকদার পদত্যাগ করেছেন। গত ২৮ নভেম্বর দলের আহ্বায়ক বরাবর পাঠানো চিঠিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন—২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দল অভ্যন্তরীণ সংকট, ক্ষমতার অপব্যবহার এবং সিদ্ধান্তহীনতা থেকে বের হয়ে আসতে ব্যর্থ হয়েছে। এসব কারণেই তিনি পদ ছাড়তে বাধ্য হয়েছেন।

চিঠিতে তিনি অভিযোগ করেন, “দলটি মূলত ক্ষমতার রাজনীতি আঁকড়ে আছে। ২০১৮ ও ২০২৪-এর তারুণ্যের শক্তিকে একত্রিত করার যে স্বপ্ন ছিল, তা হীনমন্যতা ও অদূরদর্শী আচরণের কারণে ভেস্তে গেছে।”

আরিফুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগতভাবে জুলাই বিপ্লবের আন্তর্জাতিক যোগাযোগ, রাজনৈতিক সমন্বয় ও মাঠ পর্যায়ের কার্যক্রমে গভীরভাবে জড়িত ছিলেন। অথচ আন্দোলনের শক্তিকে মূল্যায়ন না করে দলীয় নেতৃত্ব নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত হয়ে পড়ে—যা তার কাছে অত্যন্ত কষ্টের।

তিনি আরও লিখেছেন, “জুলাইয়ের তারুণ্যের শক্তিকে একত্রিত করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার লক্ষ্য ব্যর্থ হয়েছে। দল জাতীয় ঐক্য রক্ষা করতে পারেনি।”

আরিফুল ইসলাম আরও দাবি করেন যে, এনসিপির বর্তমান সিদ্ধান্তগ্রহণকারী অংশ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি উদাসীন এবং তাদের মূল্যবোধকে ধারণ করে না। এ বিষয়টিও তার পদত্যাগের অন্যতম কারণ।

চিঠির শেষাংশে তিনি লেখেন— “সবকিছু বিবেচনায় আমার রাজনৈতিক পথচলার জন্য এনসিপির প্রয়োজনীয়তা আর অনুভব করি না। বুকভরা হতাশা নিয়ে দল থেকে বিদায় নিচ্ছি। দেশের স্বার্থে ভবিষ্যতে যদি নতুন সম্ভাবনা তৈরি হয়—তাহলে রাজপথে আবার দেখা হতে পারে।”