• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচনী দায়িত্বে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার কাউকে চায়না বিএনপি

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৫
নির্বাচনী দায়িত্বে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার কাউকে চায়না বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের কাউকেই ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে না দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই প্রস্তাব পেশ করে।

জানা গেছে, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ’ শীর্ষক ৩৬ দফার একটি লিখিত প্রস্তাবনা সিইসির কাছে হস্তান্তর করেছে বিএনপি। সেখানে বলা হয়েছে—নির্বাচনের নিরপেক্ষতা রক্ষার স্বার্থে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ কোনো ভোটগ্রহণ কর্মকর্তা যেন দলীয় বা বিতর্কিত প্রতিষ্ঠানের কর্মচারী না হন।

দলটির প্রস্তাবে ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ট্রাস্টসহ কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। বিএনপির দাবি, এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবাধীন হিসেবে দেখা হয়।

প্রস্তাবে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ সম্প্রতি বাতিল করে নতুন করে দলীয় বিবেচনায় লোক নিয়োগের অভিযোগ রয়েছে, যা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি করেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিতর্কিত বা দলীয় প্রভাবাধীন কোনো প্রতিষ্ঠানের কাউকে ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিক।”

তিনি আরও জানান, বিএনপির প্রস্তাবনায় নির্বাচনকালীন প্রশাসন, সেনা মোতায়েন, ইভিএম বাতিল এবং ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা দিকের সুপারিশও অন্তর্ভুক্ত রয়েছে।