• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫
রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় তিনি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রোকেবুল হক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

অধ্যাপক ইউনূস রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন। এর আগে একই দিন সকাল ১১টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরাম মূলত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।