• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না: নাহিদ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫
ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না: নাহিদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সব উপদেষ্টাদের নাম প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সম্প্রতি চ্যানেল একাত্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ড. ইউনূসের সরকারে যোগ দেন ছাত্র প্রতিনিধিরা। পরে একজন পদত্যাগ করে হাল ধরেন তরুণদের দল এনসিপির। এখনো উপদেষ্টা পরিষদে আছেন দুইজন।

ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল, সেই প্রশ্ন ছিল এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও টিকত না।

নাহিদ জানান, কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা তাদের সবচেয়ে বড় ভুল। যাদের মাধ্যমে প্রতারিত হওয়ারও অভিযোগ করেন তিনি। অচিরেই ওই উপদেষ্টাদের নাম প্রকাশ করার কথাও বলেন নাহিদ।

শুধু তা-ই নয়, উপদেষ্টাদের অনেকে সেইফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ। তারা রাজনৈতিক দলের সঙ্গে লিয়াঁজো করে রেখেছে বলেও একাত্তরের কাছে দাবি করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে ‘সেজদা’ দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।