• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কলকাতায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৫
কলকাতায় প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা

রাতভর প্রবল বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।

নেতাজিনগরে এক সাইকেল আরোহী বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই ঝলসে যান। বালিগঞ্জ প্লেসে পানির ওপর ভেসে ওঠে একটি মৃতদেহ। অন্যদিকে বেনিয়াপুকুরে পানি জমে থাকায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এরই কিছু সময় পর কালিকাপুরে বিদ্যুতের সংস্পর্শে এসে মারা যান এক পথচারী।

পৌরসভা সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে কামডহরিতে ৩৩২ মিলিমিটার, যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার এবং তপসিয়ায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনী পুরসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে রাতভর পৌরসভা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কে উদ্ধারকাজ চালিয়েছে। বিদ্যুতের তার ছড়িয়ে থাকায় রাস্তাঘাট বিপজ্জনক হয়ে উঠেছে। জলাবদ্ধতার কারণে বহু এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশ সম্ভব হচ্ছে না। ফলে আহতদের হাসপাতালে নিতে দেরি হচ্ছে। হাসপাতালগুলোতে বিদ্যুতায়িত রোগীর ভিড় বেড়েছে।