• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এবার বিক্ষোভে উত্তাল জেন-জি

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫
এবার  বিক্ষোভে উত্তাল জেন-জি

এবার জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শত শত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে।

পেরুতে সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও প্রায় ৫০০ মানুষ রাজধানী লিমার কেন্দ্রে জড়ো হয়।

গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, ‘বর্তমানে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে।’ সেলেন আমাসিফুয়েন নামের আরেক বিক্ষোভকারী বলেন, ‘কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’

বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ দেখা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। স্থানীয় রেডিও স্টেশন এক্সিতোসা জানিয়েছে, তাদের এক প্রতিবেদক এবং এক ক্যামেরাম্যান আহত হয়েছেন। অপর দিকে অন্তত তিন পুলিশ সদস্য আহত হওয়ার কথা জানা গেছে।

পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। আগামী বছর তাঁর মেয়াদ শেষ হবে। কিন্তু এরই মধ্যে দেশে চাঁদাবাজি ও অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় জনরোষ তৈরি হয়েছে। সরকার ও রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই অনেক নাগরিক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে।