• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা ইউএই’র

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫
বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা ইউএই’র

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। ইউএই ভিসা অনলাইনের ওয়েবসাইটের এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাত যেতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকেরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিধিনিষেধের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

যে কারণে এসব দেশের নাগরিকের ওপর ভিসা নিষিদ্ধ করা হয়েছে
সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি। তবে বিভিন্ন সূত্রের বরাতে ইউএই ভিসা অনলাইন সম্ভাব্য কয়েকটি কারণ জানিয়েছে।
* নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ কিংবা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষিত রাখা।
* ভূরাজনৈতিক সম্পর্ক: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে।
*কোভিড-১৯ প্রতিরোধ: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ, কাজ বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। তবে এই ভিসা নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মূল্যায়ণের ওপর নির্ভর করে বিষয়টি পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আমিরাতে বসবাস করছেন, তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।