• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ক্যানসারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
ক্যানসারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যানসারে আক্রান্ত। তিনি অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এটিকে মানবিক বিষয় হিসেবে দেখতে বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমি যতদূর জানি নূরজাহান আপা (স্বাস্থ্য উপদেষ্টা) ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসা আজকে সিঙ্গাপুরে হচ্ছে না, অনেকদিন আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

চিকিৎসার ধারাবাহিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি ক্যানসারে আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করতে পারবেন না। আমার মনে হয় এটি একটি মানবিক বিষয়। এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। চিকিৎসার ধারাবাহিকতা বজায় না রেখে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি এটি আমাদের সবার দায়িত্ব-যারা নীতিনির্ধারণের দায়িত্বে আছেন এবং ভবিষ্যতে আসবেন-দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে এসব দুরারোগ্য রোগের চিকিৎসা আমরা দেশেই পেতে পারি।

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতের ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।