• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ডিবি পরিচয়ে প্রবাসীর মালামাল ও টাকা লুট

bijoy71news
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
ডিবি পরিচয়ে প্রবাসীর মালামাল ও টাকা লুট

লন্ডন থেকে ঢাকায় নেমেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছে প্রবাসী একটি পরিবার। ছিনতাইকারীরা ডিবি পরিচয়ে তাদের মালামাল ও নগদ টাকা লুটে নিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে বিমানবন্দর থেকে বের হওয়ার কয়েক মিনিট পর রাজধানীর বনানী কবরস্থানের কাছাকাছি রাস্তায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দর থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিল পরিবারটি। নিরাপত্তার কারণে নিজেদের পরিচয় তারা সংবাদমাধ্যমে প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, “উনাদের হয়ত বিমানবন্দর থেকে ফলো করেছে। এরপর বনানী কবরস্থানের কাছাকাছি এসে আমরা (পুলিশ) যেরকম লাইট ব্যবহার করি সেরকম সিগন্যাল লাইট দেখিয়ে গাড়িটি থামিয়েছে। িএরপর তাদের ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়েছে।”

কেউ আহত হয়েছেন কিনা, বা মারধর করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, “সেরকম কেউ আহত নেই। তবে মারধর কিছু করেছে।”

এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ভুক্তভোগী পরিবারের এক সদস্য জানান, তাদের সবাই আতঙ্কে রয়েছেন। তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোনসহ নগদ কিছু অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।