• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৫ জনকে হত্যা করে হামলাকারীর আত্মহত্যা

bijoy71news
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
৫ জনকে হত্যা করে হামলাকারীর আত্মহত্যা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ফুড মার্কেটে ৫ জন নিরীহ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে শেষমেশ নিজেও আত্মহত্যা করেন ওই হামলাকারী।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।

সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তোর কোর মার্কেটে সোমবার এক বন্দুকধারী পাঁচজনকে গুলি করে হত্যা করার পর নিজেই আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, মার্কেটের ভবনের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মরদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন এবং বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে এই গুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার। এছাড়া হামলায় আরও দুই নারী আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে।

পৃথক আরেক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানীতে এই হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছে পুলিশ ।