• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে যাত্রীর সাথে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবে

bijoy71news
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
বিমানবন্দরে যাত্রীর সাথে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবেন বলে যে নির্দেশনা জারি করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ, সেটি রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন প্রবেশ করতে পারবেন। যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় আগত সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল এবং সহযোগিতার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ জুলাই রাতে এক বার্তায় এ সংক্রান্ত নির্দেশনার ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বর্তমানে বছরে এক কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।