• ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র বানানোর পাঁয়তারা চলছে’

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১০, ২০১৫

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র বানানোর পাঁয়তারা চলছে। বিদেশি হত্যাকাণ্ড রাজনৈতিক মদদপুষ্ট পেশাদার খুনিদের কাজ বলেও মনে করেন তিনি।

জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য হয় না বলে মন্তব্য করেন সড়ক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্য গড়তে হলে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা ছেড়ে আসতে হবে।’

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মডেল হিসেবে পরিণত হয়েছে। ঠিক এমন সময় বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যা নিয়ে অস্ট্রেলিয়া, কানাডাসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উত্তরে আমরা বলব, বিদেশিরা নিরাপদ আছেন। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। আর এ হত্যাকাণ্ড পেশাদার খুনির কাজ। খুনিরা রাজনৈতিক মদদ পেয়ে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনিদের খুঁজে বের করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা তাদের বের করবই। আপনারা যে সতর্কতা জারি করেছেন, তা প্রত্যাহার করুন।”