• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার পদত্যাগ

bijoy71news
প্রকাশিত জুন ৩০, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতার পদত্যাগ

বেশ কিছু অভিযোগ এনে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা।

শনি ও রোববার (২৮, ২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সদস্যসচিব সামিউল ইসলাম সিয়াম, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মিলন, সিনিয়র সংগঠক মনিরুল ইসলাম শিমুল ও মুখপাত্র রিয়াদুল রিমন সরকার।

পদত্যাগকারীরা নিজ নিজ ফেসবুক পোস্টে সবাই প্রায় একই ধরনের অভিযোগ করেছেন। তারা উল্লেখ করেছেন, সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম মনে করে তারা এ সংগঠনের সঙ্গে যুক্ত হন। কিন্তু বর্তমানে সংগঠনটির বেশিরভাগ সদস্য ও নেতৃত্ব একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের অনুসারী হয়ে পড়েছেন। যার ফলে সংগঠনের অরাজনৈতিক অবস্থান আজ প্রশ্নবিদ্ধ। একজন স্বাধীন ও অরাজনৈতিক মানসিকতার ছাত্র হিসেবে এ সংগঠনের সঙ্গে থাকা অসংগতিপূর্ণ। তাই ব্যক্তিগত ও নৈতিক কারণে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের আহ্বায়ক রিফাত বিন জামান বলেন, “ব্যক্তিগত কারণ দেখিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তারা পদত্যাগ করেছে। তবে পদত্যাগের কোনো চিঠি আমাদের দেয়নি। ফেসবুকে তারা যে অভিযোগ এনেছে, সেটা সত্য নয়। আমাদের কেউ কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়।