• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচনের কোনো নির্দেশনা এখনও পায়নি সেনাবাহিনী

bijoy71news
প্রকাশিত জুন ১৯, ২০২৫
সংসদ নির্বাচনের কোনো নির্দেশনা এখনও পায়নি সেনাবাহিনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা সেনাবাহিনী পায়নি বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, “নির্বাচন বিষয়ে নির্দেশনা পেলে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।”

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, “এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা পাইনি। তবে সরকার যদি কোনো নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব।”

মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল বলেন, “মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে এনেছি। রংপুরের ঘটনাটিতে যে মব ভায়োলেন্স ঘটেছিল, সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”

ঈদযাত্রার প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, “ঈদযাত্রায় আমরা এক হাজার ২৫৫টি গাড়ি থেকে ৩৫ লাখেরও বেশি টাকা যাত্রীদের ফেরত দিতে সক্ষম হয়েছি। এ সবকিছুই সম্ভব হয়েছে সেনাবাহিনীর ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, সততা এবং হার্ডওয়ার্কের জন্য। বিগত সময়ের তুলনায় এবারের ঈদযাত্রায় হতাহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে আনতে পেরেছি।”

শফিকুল ইসলাম আরও বলেন, “ঈদুল আজহার সময় সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে সার্বক্ষণিক টহল দিয়েছেন। স্পর্শকাতর স্থানে চেকপোস্ট বসিয়ে বাসের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের পুরুষ অফিসারদের পাশাপাশি নারী অফিসার ও সৈনিকরা রাস্তায় নেমে নির্দ্বিধায় ঈদের সময় অর্পিত দায়িত্ব পালন করেছেন।”