• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

bijoy71news
প্রকাশিত জুন ৯, ২০২৫
এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি

পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে হবে।

সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া, পরীক্ষা ও রমজান; এসব বিবেচনায় কোনো মতেই সেই সময়টা জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত নয়। ওই সময়টাকে দেশে পাবলিক পরীক্ষা থাকে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না। পরীক্ষা চলাকালীন কোন নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেটা যৌত্তিক। নির্বাচনী তফসিল ঘোষণার পর যেহেতু ৪৫ দিন সময় থাকে, রমজানের অর্ধেক সময় চলে যাবে; তাই নির্বাচন আয়োজন অসম্ভব ব্যাপার।

বন্দর ও করিডর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে ভাবাভাবির কোনো বিষয় নেই। এটি রাষ্ট্রীয় স্বার্থের ব্যাপার। এ ধরনের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিতে পারে। কোনো অস্থায়ী ও অনির্বাচিত সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।

এসময় বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।