• ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

‘ব্যাটারিচালিত রিকশা’ বন্ধে এবার নতুন কৌশল!

bijoy71news
প্রকাশিত জুন ৩, ২০২৫
‘ব্যাটারিচালিত রিকশা’ বন্ধে এবার নতুন কৌশল!

ঢাকাসহ সারা দেশে বিপজ্জনক বাহনের নাম ব্যাটারিচালিত রিকশা। অনিয়ন্ত্রিত পরিবহন ব্যাটারিচালিত রিকশার দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশায় ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেন। শুল্ক বৃদ্ধির কারণে ব্যাটারিচালিত রিকশা তৈরিতে খরচ বাড়বে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাটারিচালিত রিকশার ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে।’

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেট ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ। এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ, ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের ওপর নির্ভর করবে।

এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট।