• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫
জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের লক্ষ্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, “একটি জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের লক্ষ্য। যার মাধ্যমে ক্ষমতার বিন্যাসের পরিবর্তন ঘটে এবং বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।”

সোমবার (২৮ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনস্থ এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, “শুধুমাত্র সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন, মতামত বা সুপারিশমালায় যথেষ্ট নয়; রাজনৈতিক এবং গণতান্ত্রিক শক্তিসহ জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারব।”

এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি। তিনি বলেন, “গত ৫৩ বছর ধরে বাংলাদেশের মানুষ যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করেছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করতে হবে। শুধুমাত্র কাগজে আমরা কী লিখছি তা নয়, জনগণের প্রতি অঙ্গীকার ও প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

এ সময় কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আলোচনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এবং সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান ছাড়াও আবু হানিফ, হাবিবুর রহমান রিজু, খালিদ হোসেন, সাকিব হোসাইন, শাকিল উজ্জামান, ফাতেমা তুজ জোহরা রেসা এবং মুনতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।