• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগ অবরোধ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৮

বিনি ডেস্ক : ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় শেষ হওয়ার আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। শনিবার দুপুরে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা শাহবাগের প্রধান সড়ক অবরোধ করেন। বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তবে দুপুর ১টার দিকে শাহবাগ মোড়ের চারদিকে রাস্তা অবরোধ করলে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ দুপুর সোয়া ২টা পর্যন্ত শাহবাগ অবরোধ রয়েছে। অবরোধ ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জলকামান, এপিসি গাড়িও প্রস্তুত রয়েছে।

অবরোধের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক ইমতিয়াজ হোসেন বলেন, সামনে ২৯ অক্টোবর কেবিনেট শেষ মিটিং। আমাদের দাবি সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা হোক। ৪০তম বিসিএসের সার্কুলার হয়েছে। এই বিসিএসেই যাতে শিক্ষার্থীরা অংশ নিতে পারে, সেই দাবি আদায়ে আমরা অাজ (শনিবার) শাহবাগ অবরোধ করেছি।

তিনি আরও বলেন, চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আমাদের আন্দোলন চলছে ২০১২ সাল থেকে। শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। সকল শ্রেণির মানুষকে এ দাবি পূরণের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বানও জানান তিনি।

বি৭১নি/জেএ/বিনিডে