• ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে চায় ওয়ারিয়র্স অফ জুলাই

bijoy71news
প্রকাশিত মার্চ ২২, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে চায় ওয়ারিয়র্স অফ জুলাই

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

নেতারা বলেন, “জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি। আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে ও আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এ দেশে করতে দেওয়া হবে না।”

এ সময় রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে সংগঠনের নেতারা বলেন, “সতর্ক হয়ে যান, নইলে আরও একটি জুলাই দেখতে হবে। শুধরে যান, নইলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।”

নেতারা আরও বলেন, “আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি, আমাদের ভয় দেখাবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”