• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না: সারজিস

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২৫
আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে নির্বাচন হবে না।”

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, “যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এ দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সে বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, “আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি।”

সারজিস আলম আরও বলেন, “আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।