• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাবর

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাবর

পবিত্র ওমরাহ পালন এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, লুৎফুজ্জামান বাবর রোববার (২৩ ফেব্রুয়ারি) তার গ্রামের বাড়িতে যাবেন। ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নেত্রকোনোর ৩ উপজেলার (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) দলের নেতাকর্মী এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। তিন সপ্তাহ বিদেশ সফর শেষে দেশে ফিরলেন তিনি।

লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এরপর ১৯ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাকে অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছিল।