বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি ‘বানোয়াট ও ভুয়া’ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় প্যাডের আদলে তৈরি প্যাডে তার স্বাক্ষর জাল করে ছড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ভুয়া চিঠির বিষয়ে দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন বিএনপির এই নেতা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির বলেন, ‘আমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গতকাল সোমবার (২০ জানুয়ারি ২০২৫), একটি চিঠি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত চিঠিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ভুয়া চিঠিটি নিম্নে উল্লেখ করা হলো-
উল্লিখিত চিঠিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া চিঠিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো ।’