• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কলকাতায় আটকা পড়া ২২০ বাংলাদেশি পৌঁছেছেন

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
কলকাতায় আটকা পড়া ২২০ বাংলাদেশি পৌঁছেছেন

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকা আড়াইটায় অবতরণ করেন বলে বিমানের যাত্রী রিয়াজ উদ্দি ফাহাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা ফেরার পথে মালিন্দো এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করেন। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বিমানবন্দরে আটকা পড়া যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের পানি খেতেও দেয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন-কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেন।

বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন। ফাহাদী জানান, বিমানসংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। পরে, বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।