• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

bijoy71news
প্রকাশিত জুন ২৬, ২০২৪
সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কাউকে আক্রমণ করবে না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৬ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর জন্য ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপত্তার জন্য যাতে জনবিচ্ছিন্ন না হতে হয়, সে বিষয়ে সতর্ক থাকতে এসএসএফ-কে পরামর্শও দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম যে এসএসএফের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। সেটা তৈরি করে দিয়েছি এবং এখন আরো উন্নত শুটিং প্র্যাকটিসের জায়গা করে দিচ্ছি। তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সবকিছুই আমাদের হাতে গড়া। লোকবলও বৃদ্ধি করা হয়েছে। তবে শুধু এসএসএফ না, সবার জন্যই আমরা কাজ করেছি।

এসএসএফ সদস্যদের তিনি বলেন, দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারণ নিজের ভেতরে এসব না থাকলে সফলতা অর্জন করা যাবে না। এসএসএফে সব বাহিনীর প্রতিনিধি রয়েছে। যা সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

শেখ হাসিনা বলেন, দেশের যে পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনের ধারা বজায় রেখে সামনে এগিয়ে যেতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, যার ফলে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আর সেটাকে মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।