• ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ডাক বিভাগকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পলক

bijoy71news
প্রকাশিত জুন ৪, ২০২৪
ডাক বিভাগকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: পলক

অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত ডাক বিভাগকে বাঁচাতে জুলাই থেকে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত ‘দেশের ডাকঘরসমূহে চিলার চেম্বার কার্যকর ও ই-কমার্স সেবা সম্প্রসারণে বেসরকারি অংশীদারিত্ব: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ বিষয়ক কর্মশালায় এ হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি রাজশাহীর তানোর পোস্ট অফিসে জমা রাখা ২ লাখ টাকার হদিস না পেয়ে আত্মহত্যার চেষ্টা চালান পারুল বেগম নামে এক নারী। ওই ঘটনার পর খোদ ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে ডাক বিভাগের কর্মকর্তাদের নানা অনিয়ম-অপকর্মের ফিরিস্তি।

শুধু অনিয়ম-অপকর্ম নয়, কর্মকর্তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনায় পড়ে আছে কোটি কোটি টাকার সার্ভিস ডেলিভারি গাড়ি। কাজে লাগাতে পারেনি স্মার্ট সার্ভিস পয়েন্ট, এমনকি সারা দেশে থাকা ডাক বিভাগের মূল্যবান জমিও। এতে বছরে ৭শ কোটি লোকসান গুনছে বিভাগটি।

এ পরিস্থিতিতে ডাক বিভাগকে বাঁচাতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ডাক বিভাগ। জুলাই থেকে শুরু হবে অ্যাকশন।

সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয়া হবে। এছাড়াও পলক বলেন, চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।

পলক বলেন, ডাক বিভাগের মোট ৪৬২টি গাড়ি আছে। এর মধ্যে ১৩৫টি অচল। এসব গাড়ি সাতদিনের মধ্যে ঠিক করে কাজে লাগাতে না পারলে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেয়া হবে।