• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মন্ত্রীসভায় যোগ হলেন আরও ৭ জন

bijoy71news
প্রকাশিত মার্চ ১, ২০২৪
মন্ত্রীসভায় যোগ হলেন আরও ৭ জন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নতুন ৭ জন।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

তারা হলেন-রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা (টাঙ্গাইল), সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও পরিকল্পনা অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম), সংরক্ষিত নারী আসনের এমপি ও শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ ইজহার খান (ঢাকা) এবং সংরক্ষিত নারী আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)।

শপথ নেওয়ার পর নতুন সাত প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।

মো. শহীদুজ্জামান সরকার পরিকল্পনা প্রতিমন্ত্রী হয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম চৌধুরী। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াদুদ।

বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৩৭। প্রধানমন্ত্রীর বাইরে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।