• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি থেকে ৫ দিনে ৮ কেন্দ্রীয় নেতাসহ ১৭ জন বহিষ্কার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৩
বিএনপি থেকে ৫ দিনে ৮ কেন্দ্রীয় নেতাসহ ১৭ জন বহিষ্কার

নির্বাচন ইস্যুতে নেতাদের সমানে বহিষ্কার করছে রাজপথের বিরোধী দল বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গত পাঁচ দিনে ১৭ জনকে ছেঁটে ফেলেছে তারা। এর মধ্যে ৮ জন কেন্দ্রীয় নেতা এবং ৯ জন তৃণমূল পর্যায়ের।

বিভিন্ন সময়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় এসব নেতাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

কেন্দ্রীয় ৮ নেতা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান, তাঁতিবিষয়ক সহসম্পাদক রাবেয়া সিরাজ, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু, খন্দকার আহসান হাবিব ও একেএম ফখরুল ইসলাম।

তৃণমূল পর্যায়ের ৯ নেতা হলেন- শেরপুর জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল, সদস্য অ্যাডভোকেট এম আব্দুল্লাহ, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল হাসান, ঢাকা ধামরাই পৌর-বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিন, জামালপুর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হোসেন রেজা বাবু, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হক।

বিএনপির বহিষ্কার মিশন শুরু হয় শাহ মোহাম্মদ আবু জাফরকে দিয়ে। গত মঙ্গলবার তাকে বহিষ্কার করা হয়। এর সপ্তাহ খানেক আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমে যোগ দেন। এরপর গত মঙ্গলবার ফরিদপুর-১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে দলটির প্রার্থীও হয়েছেন।

বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর গত বুধবার জামিনে ছাড়া পান। পরদিনই আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন।

রাজশাহী-৩ আসনে মতিউর রহমান মন্টু, টাঙ্গাইল-৫ আসনে খন্দকার আহসান হাবীব, ঝালকাঠি-২ আসনে একেএম ফখরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সৈয়দ একে একরামুজ্জামান এবং ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র হিসেবে শাহ শহীদ সারোয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া শেরপুর-১ আসনে এম আব্দুল্লাহ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে আব্দুল মতিন বিএনএম রানার্স হিসেবে এবং শেরপুর-২ থেকে জায়েদুল রশিদ শ্যামল তৃণমূল বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থিতা ফরম জমা দিয়েছেন।

এদিকে, জামালপুর-১ আসনে মাহবুবুল হাসান, পঞ্চগড়-২ আসনে আবদুল আজিজ, ঢাকা-২০ থেকে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা মেয়ে শুল্কা সিরাজের পক্ষে প্রচারণা চালালে রাবেয়া সিরাজকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সবশেষ শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার ওয়াহিদ মুরাদ এবং মধুপুর উপজেলা বিএনপির সদস্য খন্দকার আনোয়ারুল হককে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শনিবার দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতি অনুযায়ী, মুরাদ ও আনোয়ারুলকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নির্দলীয় সরকার ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এই দাবি আদায়ে তারা গত ২৮ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে। একই দাবিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনও অংশ নেয়নি দলটি।