• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি-জামায়াতের ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩

আজ বুধবার থেকে আবারও সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা শুরু হওয়া এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বিএনপির এই যুগপথ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও এ কর্মসূচি ঘোষণা করে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেপ্তারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে অবিরাম সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে ও জনগণের ন্যায্য দাবি মেনে নেবে।’

এদিকে জামায়াতে ইসলামীও মঙ্গলবার এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বিবৃতিতে বলেন, দেশকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশপ্রেমিক সংগ্রামী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো ডাকা অবরোধের আওতামুক্ত থাকবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহনকারী গাড়ি।