• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দু-একদিনের মধ্যে তফসিল দিতে পারে কমিশন: প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৩
দু-একদিনের মধ্যে তফসিল দিতে পারে কমিশন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু-একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। নির্বাচন বানচাল করার জন্য অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বিএনপি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

আরও পড়ুন: ১৫৭ প্রকল্পের ১০ হাজার ৪১ স্থাপনা-ঘর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

এখন আর কেউ বাংলাদেশকে দেখে দরিদ্র বা হাত পেতে চলার দেশ বলতে পারবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধে বিজয়ের পর যে মর্যাদা বাংলাদেশ পেয়েছিল, সেটি আমরা আবারও ফিরিয়ে আনতে পেরেছি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। সেটা বাস্তবায়ন করতে হবে। তা করতে হলে সরকারের ধারাবাহিকতা দরকার। দীর্ঘ সময় সরকারে থাকার সুযোগ পেয়েছে বলেই আওয়ামী লীগ আশু পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করেছিল জিয়াউর রহমান। বিএনপির সময় স্বাক্ষরতার হার ছিল ৪৭ শতাংশ। আর আওয়ামী লীগ সরকার সেটি নিয়ে এসেছে ৭৬ শতাংশ। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি।