• ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তফসিলের পথে ইসি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৩
তফসিলের পথে ইসি

সব সংশয় কাটিয়ে ভোটের পথে নির্বাচন কমিশন (ইসি)। পরিস্থিতি যা-ই হোক নির্ধারিত সময়ের মধ্যে ভোট করবে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ‘এই মুহূর্তে’ তফসিল ঘোষণার মতো প্রস্তুতিতে রয়েছে তারা। জানা গেছে, চলতি সপ্তাহেই কমিশন সভা করে সেদিনই তফসিল ঘোষণা হবে। এক্ষেত্রে জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হতে পারে।

নির্বাচন কমিশন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কেবল ব্যালট ছাপানো বাদে সব ধরনের নির্বাচনি সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালটের জন্য প্রয়োজনীয় কাগজও সংগ্রহ করা হয়েছে। কমিশনের প্রস্তুতির ব্যাখ্যা করতে গিয়ে ইসি সচিবালয়ের এক কর্মকর্তা জানান, এই মুহূর্তে তফসিল ঘোষণার মতো প্রস্তুতি তাদের রয়েছে। কমিশন যখন চাইবে তখনই তফসিল দেওয়ার মতো প্রস্তুতি ইসি সচিবালয়ের রয়েছে।

এদিকে সিইসি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে বারবার রাজনৈতিক সমঝোতার কথা বললেও বিষয়টি এখনও দৃশ্যমান নয়। বিরোধীপক্ষ সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রয়েছে। বর্তমান কমিশনের অধীনে তারা ভোটে যাবেন না বলেও অবস্থান তুলে ধরেছে।

জানা গেছে, ভোট অনুষ্ঠান নিয়ে কমিশনের মধ্যে কিছুটা সংশয় তৈরি হলেও গত ৩০ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এবং পরে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে সিইসির পৃথক সভার পর ইসির সেই সংশয় কেটে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ইসিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ না এলেও ২০২৪ সালের ৫ জানুয়ারির মতো সহিংস পরিস্থিতি সৃষ্টি হবে না বলেও তারা জানিয়েছেন। এছাড়া ভোটসহ নীতিনির্ধারণী কিছু ইস্যুতে কমিশনের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলেও এরই মধ্যে সেটা কেটে গেছে। সব মিলিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে কমিশন কিছুটা হলে স্বস্তির মধ্যে রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে সংশয়টা তৈরি হয়েছিল তা প্রশমিত হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘যেকোনও মূল্যে আগামী ২৯ জানুয়ারির আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুতই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

সিইসি বলেন, ‘আমরা জানিয়েছি, আমাদের ওপর যে সাংবিধানিকভাবে দায়িত্ব আরোপিত হয়েছে; বাধ্যবাধকতা, সে অনুযায়ী নির্ধারিত সময়ে ও নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।’

এদিকে রবিবার শুরু হতে যাওয়া নতুন সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার কথা জানানো হলেও এখনও কমিশন সভা ডাকা হয়নি। অতীতের তফসিল ঘোষণার বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে, কমিশন সভায় প্রথমে তফসিলের সিদ্ধান্ত নিয়ে দুয়েক দিন বিরতি দিয়ে রেডিও-টেলিভিশনে ভাষণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন। তবে শোনা যাচ্ছে এবার কমিশন সভার দিনই সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে রেডিও-টেলিভিশনকে আগেই প্রস্তুত রেখে সকালে কমিশন সভা করার পরপরই তা রেকর্ডিং করে সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে।

ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩, ১৪ বা ১৫ নভেম্বরের যেকোনও একদিন তফসিল ঘোষণা হতে পারে। এক্ষেত্রে ১৫ নভেম্বর সম্ভাবনা বেশি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভোটগ্রহণের তারিখের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকটার কথা জানিয়েছেন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ৮-৯ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণের চিন্তা করেছিল। কমিশন এখনও ৬-৯ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণের অবস্থানে রয়েছে। অবশ্য পরিস্থিতি বিবেচনায় কিছুটা আগ-পিছ হতে পারে।

তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখনও কমিশন সভা ডাকা হয়নি। যেদিন কমিশন সভা হবে সেদিনই তফসিল ঘোষণা হবে। টেলিভিশন ও রেডিওতে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে ইসি। দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২। সারা দেশে ভোটকেন্দ্রের খসড়াও প্রস্তুত করা আছে। বিধান অনুযায়ী তফসিলের পর ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। স্বচ্ছ ব্যালট বাক্স, মার্কিং সিলসহ প্রয়োজনীয় সকল ধরনের সিল, ছোট-বড় চটের বস্তা ও নির্বাচনের অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের বেশিরভাগ ইতোমধ্যে জেলা নির্বাচন কার্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর কখন কোন কাজটি করা হবে, তা-ও চূড়ান্ত করা আছে। নির্বাচন পরিচালনা ম্যানুয়াল (নির্দেশিকা) ছাপানোর কাজ চলছে।

প্রশিক্ষক হিসেবে যারা প্রশিক্ষণ দেবেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকদের (ডিসি) এক ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুক্রবার আরেক ধাপে এসপি ও ডিসিদের দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনি কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) নিয়োগ ও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়াসহ কিছু সুবিধা যুক্ত করে তৈরি নতুন নির্বাচনি অ্যাপ রবিবার উদ্বোধন করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের পর শুরু হবে ব্যালট পেপার ছাপানোর কাজ।

অবশ্য আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, তা এখনও ঘোষণা করেনি ইসি। সাধারণত জেলা প্রশাসকদের (ডিসি) জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়। গত বছর ইসির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে বিশিষ্টজনদের অনেকে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব দিয়েছিলেন। এদিকে আগে একটি জেলার সব আসনের জন্য একজন রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিধান থাকলেও আরপিও সংশোধন করে জেলা অথবা নির্বাচনি আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিধান করা হয়েছে। এক্ষেত্রে ইসি চাইলে জেলাভিত্তিক রিটার্নিং কর্মকর্তার পরিবর্তে আসনভিত্তিকও নিয়োগ দিতে পারবে।